মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ:
দেশের সড়কপথে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা যেন থামছেই না। এরই মধ্যে ছুটির দিনে ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরেছে সাতটি প্রাণ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ভয়াবহ এ সংঘর্ষে অটোরিকশায় থাকা সাতজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে কী কারণে বাস ও সিএনজিচালিত অটোরিকশাটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

