ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সীমান্তে আওয়ামী লীগের মিছিলের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!



শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিছিলটি বের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মিছিলকারীরা সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা’।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমেও ভিডিওটি প্রকাশিত হলে তাহিরপুর ও মধ্যনগরের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি বিনষ্টের যেকোনো চক্রান্ত আমরা প্রতিহত করব।”

মধ্যনগর উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই মিছিলে অংশ নিয়েছে, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।”

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।”

উল্লেখ্য, গত ১০ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।