মোঃ কাউছার পাটোয়ারী, চাঁদপুর:
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার রোল নম্বর ৫৬ এবং শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭। সে স্থানীয় তাজুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির কন্যা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি শহরের ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে ওই ছাত্রী রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তার একটি পরিচয়পত্র জব্দ করে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তার অভিভাবকেরা থানায় এসেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

