ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিএনপির অপর পক্ষের কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, “দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি (তদন্ত) মিল্টন দত্ত চোখের নিচে সামান্য আঘাত পেয়েছেন।”