মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি:
‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্মার্ট নগরকান্দা গড়তে চাই’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহবুব শেখ।
মাহবুব শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে মো. মাহবুব শেখ বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষকের সার্বিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাব। আমি মাদক ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট ও ডিজিটাল উপজেলা হিসেবে নগরকান্দাকে গড়ে তুলতে চাই।”
তিনি নগরকান্দা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আগামী নির্বাচনে জনগণ তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় বাসিন্দারাও মাহবুব শেখের প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন। উপজেলার ছাগলদি গ্রামের এক বাসিন্দা বলেন, “মাহবুব একজন সৎ ও যোগ্য মানুষ। তিনি সবসময় গরিব-দুঃখী ও অসহায় মানুষের কথা ভাবেন। কেউ সহযোগিতার জন্য তার কাছে গেলে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেন।”
ঈশ্বরদী এলাকার মো. মাসুদ রানা বলেন, “বর্তমান সময়ে এমন সৎ, চরিত্রবান ও পরোপকারী মানুষ খুঁজে পাওয়া কঠিন। তিনি নিজের স্বার্থের কথা না ভেবে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।”
সর্বশেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মাহবুব শেখ বলেন, “আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজিমুক্ত ও স্মার্ট একটি উপজেলা গড়তে চাই। এ জন্য নগরকান্দার সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রত্যাশা করছি।”
স্থানীয়দের মতে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাহবুব শেখের প্রার্থিতা ঘোষণায় নগরকান্দার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

