নিজস্ব প্রতিবেদক, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় বন্ধের নির্দেশ অমান্য করে ফের কারখানা চালুর অভিযোগে ‘গ্রীন এনার্জি’ নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে টায়ার পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে এমন স্থাপনা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাটির কার্যক্রম পরিদর্শন করে টায়ার পোড়ানোর মাধ্যমে বায়ু দূষণের বিষয়টি খতিয়ে দেখা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, এর আগে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই নির্দেশ অমান্য করে কারখানাটির কার্যক্রম পুনরায় চালু করা হয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে ফের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে ‘গ্রীন এনার্জি’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে এমন স্থাপনা দ্রুত অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও স্থাপনা অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধল্লা শিল্পনগরী এলাকায় বিভিন্ন ধরনের বর্জ্য ও পুরোনো টায়ার পোড়ানোর কারণে ধোঁয়া ও দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার পাশাপাশি বন্ধের নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, টায়ার পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে এমন স্থাপনা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

