শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে কাঁচা মিয়া হত্যা মামলার বাদীর বিরুদ্ধেই মামলা ধামাচাপা দিয়ে আপোষের অভিযোগ উঠেছে। সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারের একাংশ ও এলাকাবাসী।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ আগস্ট উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন কাঁচা মিয়া। পরে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। এ ঘটনায় তার বড় ছেলে মো. পারভেজ বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা নং- ২৭, তারিখ- ২৬/০৮/২০২৪, ধারা- ৩০২ সহ দায়ের করেন।
অভিযোগ উঠেছে, ময়নাতদন্ত ও চার্জশিটে হত্যা প্রমাণিত হলেও বাদী মো. পারভেজ টাকা-পয়সার বিনিময়ে মামলা ধামাচাপা দিয়ে আপোষের চেষ্টা করছেন। আদালতে জাল সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে মামলাটিকে সাজানো বলে প্রচার করে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। তবে পরিবারের অন্য সদস্যরা এই আপোষ মানতে রাজি নন।
এর প্রতিবাদে গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় নিহতের বাড়ির সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কোনো আপোষ চাই না, খুনির বিচার চাই। বাদী পরিবারের মধ্যেই এখন দুই পক্ষ। এক পক্ষ ধামাচাপা দিয়ে আপোষ করতে চায়, আরেক পক্ষ সঠিক বিচার চায়।
এ সময় উপস্থিত ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাত্তার মিয়া বলেন, “এই মামলার বাদীর পরিবারের মধ্যেই এখন দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ চাচ্ছে ধামাচাপা দিয়ে মামলা নিষ্পত্তি করে আপোষ করতে, আরেক পক্ষ চাচ্ছে সঠিক বিচার। কিন্তু ঘটনা সত্য, এটা সত্যিই একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার হোক, আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।”
পার্শ্ববর্তী দাতিয়াপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান বলেন, “মার্ডার যে হয়েছে এটা সত্য, আমি চাই প্রকৃত দোষীদের শাস্তি হোক।”
নিহতের ছোট ছেলে আতাউর রহমান বলেন, “আমার বাবা হত্যার ন্যায়বিচার চাই। বড় ভাই টাকার বিনিময়ে আপোষ করতে চাইলেও আমরা তা মানবো না।”
নিহতের বড় মেয়ের জামাই মো. সুরজ আলী বলেন, “আমরা টাকা চাই না, আমরা রক্তের বিচার চাই।”
এই বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার বলেন, “মামলাটি আমি নিরপেক্ষভাবে তদন্ত করেছি। ময়নাতদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২২ অক্টোবর ২০২৪ চার্জশিট দিয়েছি। এখন বিষয়টি আদালতে বিচারাধীন।”

