মোঃ কাউছার পাটোয়ারী, নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আসন্ন ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার পদে প্রার্থী হয়েছেন এলাকার পরিচিত মুখ রুমা আক্তার।
তিনি প্রধানিয়া বাড়ির কৃতি সন্তান ও এলাকার পরিচিত ব্যক্তি জাহাঙ্গীর প্রধানিয়ার সহধর্মিণী। সততা, ন্যায়পরায়ণতা এবং সাধারণ মানুষের সেবার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।
রুমা আক্তার জানান, নির্বাচিত হলে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অবহেলিত উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনা এবং নারী সমাজের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা ও অনুদান যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”
স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রুমা আক্তার একজন পরোপকারী ও মার্জিত স্বভাবের নারী হিসেবে এলাকায় পরিচিত। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সংকটময় মুহূর্তে তিনি এবং তাঁর পরিবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়রা জানান।
তাঁর স্বামী জাহাঙ্গীর প্রধানিয়াও এলাকার একজন নিবেদিতপ্রাণ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। ফলে রুমা আক্তারের প্রার্থিতাকে ঘিরে ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, মা-বোন ও যুব সমাজের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন রুমা আক্তার। নির্বাচিত হোন বা না হোন, ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


