মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আ. মমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার ও মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, খন্দকার নুরুল মোমেন কায়েসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

