মোঃ কাউছার পাটোয়ারী, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীরচর্চাবিষয়ক সংগঠন ‘সোনারগাঁও রানার্স’-এর উদ্যোগে শুক্রবার সকাল ৬টায় পানামনগর সংলগ্ন আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় শুরু হয়। এতে সারা দেশ থেকে প্রায় ৬০০ জন দৌড়বিদ অংশ নেন।
প্রতিযোগিতার অর্ধেক পথ অতিক্রম করে সোনারগাঁ পৌরসভার বালিয়া দিঘিরপাড় (বালুয়া দিঘিরপাড়) এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ইভেন্টের দায়িত্বে থাকা মেডিকেল টিম দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং ম্যারাথনে অংশ নেওয়া অন্যান্য দৌড়বিদদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ব্যবসায়ী আশরাফ প্রধানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

