আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ মামুনুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিনমাথা এলাকায় জনৈক দস্তগীরের ইটভাটার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি থানার পুলিশ টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বড়আখিড়া তিনমাথা এলাকায় জাল টাকা লেনদেনের কারবার চলছে। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মামুনুর রশিদকে আটক করে তার প্যান্টের পকেট থেকে ১ হাজার টাকা মূল্যমানের পাঁচটি জাল নোট, অর্থাৎ মোট ৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মামুনুর রশিদকে শুক্রবার (১৪ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জাল নোটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তারিখ: ১৪-০৮-২০২৬

