স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসাধু চক্র মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের বিভিন্ন মহল প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয়দের দাবি, নগরীর বিভিন্ন থানায় দক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব প্রচারণার বিষয়ে ওসি মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে তারা যে সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করবেন, সেটিই হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে আকবরশাহ ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক স্পট সক্রিয় ছিল। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। ওসি কামরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি তাদের।
সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের কয়েকজনের দাবি, নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর আকবরশাহ থানা এলাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তাদের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।
তবে স্থানীয়দের এসব দাবির স্বাধীনভাবে কোনো পরিসংখ্যানগত সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে চট্টগ্রামের মাদকবিরোধী সংগঠন অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ, সভাপতি স ম জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামী এক বিবৃতিতে ওসি মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কথিত মিথ্যা ও বানোয়াট প্রচারণার নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, একজন সাহসী পুলিশ কর্মকর্তাকে আকবরশাহ থানা থেকে সরানোর উদ্দেশ্যে মাদকচক্র অপপ্রচার চালাচ্ছে বলে তারা মনে করেন। তবে তাদের দাবি, এ ধরনের প্রচারণা সফল হবে না। তারা ওসি মোহাম্মদ কামরুজ্জামানের পাশে থাকার এবং অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

