সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে চারটি গাঁজা গাছসহ মজনু শেখ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আরশেদ আলী শেখের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মজনু শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। একপর্যায়ে তিনি নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস ও উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় মজনু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনায় রোপণ করা চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মজনু শেখকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

