ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

Link Copied!

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে কারিনা পাল (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় পরীক্ষার ফল প্রকাশের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের বড় মেয়ে এবং স্থানীয় চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় এসএসসির ফল প্রকাশিত হয়। ফলাফল জানার পর কারিনা জানতে পারেন তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এতে তীব্র মানসিক হতাশায় ভেঙে পড়ে সে। ফলাফল দেখার মাত্র পাঁচ মিনিট পর কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায় এবং একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম এবং ১১ নম্বর গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান রঞ্জু।

প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি পরীক্ষার ফলাফল কখনো জীবনের চূড়ান্ত মূল্যায়ন হতে পারে না—এমন অনাকাঙ্ক্ষিত পরিণতি রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

Share with