স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ গ্যাস কাটার বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের সবার অবস্থাই গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানা গেছে।
আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সূত্র জানিয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শনসহ বিস্তারিত জানার চেষ্টা করছি।’
এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) নিহত ও আহত শ্রমিকদের কারও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কারণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

