জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি (তদন্ত) গোলজার আলম। উপপরিদর্শক রহমত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য দেন ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মামুনুর রহমান, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আল আমীন খোকন, জামায়াতে ইসলামী নেতা মীর আহমেদ, শাহাজাহান, মফিজুল আলম, ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতা মকবুল আহমেদ এবং দৌলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। তাই মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
সমাবেশ শেষে বিদ্যালয় মাঠ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা অংশ নেন।

