মো. মফিদুল ইসলাম সরকার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালি, মিলনমেলা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দিনব্যাপী এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি শিশু-কিশোরদের মধ্যে জাতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও মৌলিক ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে কবিতা আবৃত্তি, গান, ছবি আঁকা ও বিতর্ক প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মেধা ও মননকে সুন্দরভাবে গড়ে তোলার কাজ করছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, “ছোট ছোট শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তারা সকালবেলার সূর্যের মতো। পুরো দিনটাই তাদের সামনে। আমরা যদি শুরু থেকেই তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও জ্ঞানচর্চার বিকাশ ঘটবে। পাশাপাশি তাদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এর মাধ্যমে আমরা আমাদের জাতীয় ঐতিহ্যকে সমুন্নত রাখতে পারব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা।
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির সভাপতি সারমিন ইসলাম জুঁই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মুন্সি বোরহান মাহমুদ, কথাসাহিত্যিক ও আবৃত্তিশিল্পী মৃন্ময় মিজানসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিদা সূচনা ও তাবাসসুম হোসাইন সুহা।
পরে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবৃত্তি, গান ও বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
দেড় দশকের পথচলা উদযাপনের এ আয়োজনে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, অভিভাবক ও শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।

