শফিকুল ইসলাম শফিক, গাজীপুর:
‘মানব সেবাই আমাদের উদ্দেশ্য’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুরে অবস্থিত স্মার্ট ফারমার্স ডেইরি অ্যান্ড এগ্রো ইকো রিসোর্ট লিমিটেডে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, কাউন্সিলর, চেয়ারম্যান, মহাসচিব ও সম্মানিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী এবং বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) মো. আব্দুল আজিজ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া সভার উদ্বোধন করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মাসুদ কাইয়া।
গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন জাকিরের সভাপতিত্বে এবং মহানগর কমিটির সদস্য সচিব আলী আহাদ সরকারের সঞ্চালনায় সভায় জেলা ও মহানগরের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
সভায় গাজীপুর জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশগ্রহণে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বালিশ খেলার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে শিশু তাসরিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে অভিনয় পরিবেশন করে। তার অভিনয় উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মহাসচিব বলেন, পরিচিতি সভার মাধ্যমে গাজীপুর মহানগর কমিটির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও সাংগঠনিক সমন্বয় আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতে সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, সাংবাদিক কাইয়ুম বাদশাহ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কক্সবাজারের প্রতিনিধি চৌধুরী আ. জ. ম. খাইরুল বাশার রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পর হাঁড়ি ভাঙা, বালিশ খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পরিচিতি সভার সমাপ্তি ঘটে।

