নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর আলোচিত কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর নির্মাণ কাজসহ ফেনীর ছোট ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা এবং নদী ব্যবস্থাপনার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান।
প্রকল্পটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বসুরহাটে অবস্থিত নির্ঝর কনভেনশন হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সংসদ সদস্য নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম.রেফাত জামিল এবং সংশ্লিষ্ট দপ্তরের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।
তিনি বলেন, মুছাপুর রেগুলেটর ও ক্লোজার ধসে যাওয়ার পর কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায় নদীভাঙন, জলাবদ্ধতা, বন্যা ও পানি নিষ্কাশন সমস্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং টেকসই পানি ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্প অনুমোদনের ফলে সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে।
নুরুল আলম শিকদার আরও বলেন, প্রকল্পটি শুধু মুছাপুর রেগুলেটর নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষি, জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সাংবাদিকদের নজরদারি ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম, দুর্নীতি কিংবা প্রকল্পের অর্থের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকির আহ্বান জানান।
তিনি বলেন, প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে নির্মাণকাজের মান যাচাই, নিয়মিত পরিদর্শন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদার করার প্রয়োজন রয়েছে।
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা এ প্রতিদেককে জানান, আমাদের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল স্যার ও একটি টিম দিনেরাতে সমানতালে পরিশ্রম করে প্রকল্পটির নকশা, কারিগরি দিক গুলো নিয়ে কাজ করেছি। প্রতিনিয়ত স্থানীয় সংসদ সদস্যগণ, মন্ত্রনালয়ে দৌড়াদৌড়ি, সবার দিক -নির্দেশনা ও পরামর্শে কাজ করা হয়। প্রকল্পটি অনুমোদন হওয়াতে আমরাও সন্তুষ্ট। প্রধানমন্ত্রী ও সকলের প্রতি কৃতজ্ঞ আমরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেলসহ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণ ও নদী ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তারা আশা করেন। মূছাপুর এলাকাবাসী আনন্দ উৎসবে মেতে উঠেছে বলে জানাগেছে।

