কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের অভিযোগে মো. হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. হোসেন হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে একটি নৌকায় করে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি কার্টনে থাকা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

