দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় সম্মিলিত প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ রাজু আহমেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাজেদুর রহমান, দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম লিটন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আয়েত আলী এবং চিকিৎসক মো. শাহিনুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার চর্চা জরুরি। ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই অধ্যবসায়, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

