রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার’কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পান্থশালা এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার’-এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির অনুমোদনহীন কার্যক্রম ও বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা নগদ জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. নজরুল ইসলামসহ রায়পুরা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান, জনস্বার্থে অনুমোদনহীন ও অনিয়মের মাধ্যমে পরিচালিত চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

