ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘আমার দেখার কেউ নেই’—ভাঙা হাত নিয়ে ফুটপাতে অসহায় বৃদ্ধা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের ব্যস্ত ফুটপাত। চারপাশে মানুষের ছুটে চলা। অথচ সেই ভিড়ের মধ্যেই এক কোণে বসে অঝোরে কাঁদছিলেন এক বৃদ্ধা। ভাঙা হাতটি শরীরের সঙ্গে জড়িয়ে ধরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছিলেন পথচারীদের দিকে। নাম তার রেহানা বেগম।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তালুকদার বাড়ির সংলগ্ন এলাকায় ফুটপাতে বসে থাকা রেহানা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, তার ছেলেমেয়ে রয়েছে। কিন্তু তার দাবি, তারা কেউ নিয়মিত তার খোঁজখবর নেন না। ফলে জীবনের এই শেষ সময়ে অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে অনেকটা একাই দিন কাটাতে হচ্ছে তাকে।

রেহানা বেগম জানান, কয়েক দিন আগে বৃষ্টিভেজা রাস্তায় হাঁটার সময় পা পিছলে পড়ে যান তিনি। এতে তার একটি হাত ভেঙে যায়। কিন্তু চিকিৎসা করানোর মতো প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই। অসহায় অবস্থায় শেষ পর্যন্ত মানুষের কাছে সাহায্যের আশায় ফুটপাতে বসতে বাধ্য হয়েছেন তিনি।

কথা বলার সময় বারবার চোখের পানি মুছছিলেন রেহানা। এক হাতে ভাঙা হাতটি ধরে অন্য হাতে পথচারীদের দিকে তাকিয়ে ছিলেন তিনি—যদি কেউ তার কষ্টটা বুঝতে পারেন, যদি কেউ চিকিৎসার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

রেহানা বেগমের বাড়ি শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামে। বয়সের ভার, ভাঙা হাত আর চিকিৎসার অভাব—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তিনি।

স্থানীয়দের অনেকে জানান, একজন বৃদ্ধ মানুষ অসুস্থ অবস্থায় সড়কের পাশে বসে মানুষের কাছে সাহায্য চাইছেন—বিষয়টি নিঃসন্দেহে মানবিক দৃষ্টিতে দেখার দাবি রাখে। তার চিকিৎসার ব্যবস্থা করা এবং নিরাপদ আশ্রয়ের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

রেহানা বেগমের মতো একজন অসহায় বৃদ্ধার চিকিৎসা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কে এগিয়ে আসবেন—এখন সেটিই বড় প্রশ্ন।