এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইস মাইক্রোবাসসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইব্রাহিম (২৪)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্যামবকসী এলাকার তাইজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি টয়োটা হাইস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি একটি বক্সে রাখা ১৪টি প্যাকেট পাওয়া যায়।
পুলিশের দাবি, প্রতিটি প্যাকেটে আড়াই কেজি করে মোট ৩৫ কেজি গাঁজা ছিল। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৫-৮১৮১ নম্বরের মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইব্রাহিম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

