মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:
“যুবরাই গড়বে, যুবরাই লড়বে”—এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে যুব র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে সমাবেশের পর র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুব বিভাগের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হারুন আর রশিদ বলেন, তরুণ যুবসমাজের উন্নয়ন এবং তাদের উন্নত ও সমৃদ্ধ করতে যুব ও ক্রীড়া বিভাগ কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য তরুণ যুবসমাজকে নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলে নতুন পথ দেখানোর মাধ্যমে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা।
চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের সভাপতি সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আলমগীর বন্দুকশীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাইযোদ্ধা আব্দুল হাই লাভলু, প্রভাষক ওমর ফারুক, মোল্লা মো. হানিফ ও অ্যাডভোকেট মুসলিম মিয়াজী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাকির হোসেন। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ হোসাইন।
অধ্যক্ষ হারুন আর রশিদ আরও বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের আন্দোলনে তরুণ যুবসমাজ যে ভূমিকা রেখেছে, তা চিরস্মরণীয়। তরুণ যুবসমাজের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত আজকের নতুন বাংলাদেশ। আগামী প্রজন্মকে বাংলাদেশের নেতৃত্বের জন্য গড়ে তুলতে যুব বিভাগ যেভাবে কাজ করছে, রাষ্ট্রকেও সেভাবে কাজ করতে হবে।

