মো. শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধার মানিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় মাইদুল ইসলামের সহযোগী হিসেবে নাজমুল (৩২), রাজু (১৯), কবীর হোসেন (৪৫) ও ইব্রাহিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ঈমান আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ধরে নিয়ে গেছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং এখন তারা শান্তিতে থাকতে পারবেন বলে আশা করছেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, সফল অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

