যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অসঙ্গতি চোখে পড়লে তা প্রচার করেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত যাচাই করে সঠিক জায়গায় বিষয়টি তুলে ধরতে হবে। এতটুকু করতে না পারলে দিনশেষে আপনিও অজান্তেই অপপ্রচারের হাতিয়ার হয়ে যেতে পারেন। এতে সমস্যার সমাধান তো হবেই না, বরং বিদ্বেষীদের জন্য খোরাক তৈরি হবে।
আপনার আশপাশে কোনো অন্যায় বা অনিয়ম দেখলে তা ধামাচাপা না দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। নিজের সামর্থ্য না থাকলে দায়িত্বশীল ব্যক্তিকে বিষয়টি অবগত করুন। প্রয়োজন হলে আইনের আশ্রয় নিন।
অযথা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয় নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। বিষয়টি ভালোভাবে না জেনে কখনো পক্ষে, আবার কখনো বিপক্ষে পোস্ট দিয়ে শুধু কনটেন্টের পরিমাণ বাড়ানো ছাড়া এর কোনো সুফল আছে বলে মনে করি না।
সত্য উদঘাটন ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালন করতে হবে বিবেক, প্রজ্ঞা, যাচাই-বাছাই ও দায়িত্বশীলতার সঙ্গে।
অন্যথায়, অন্যের ক্ষতি করতে গিয়ে শেষ পর্যন্ত আমরাই নিজেদের শত্রু হয়ে উঠব।
আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন। আমিন।
— গাজী সিদ্দীকুর রহমান (এমএ)

