আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগরে চালের বাজার ঊর্ধ্বমুখী। ভারী বৃষ্টিপাতের কারণে পাইকারি বাজারে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
স্থানীয় বাজার পরিদর্শন করে এ তথ্য জানা গেছে। চাল ব্যবসায়ী মো. রতন খান জানান, ভারী বৃষ্টিপাতের কারণে আড়তগুলোতে চালের দাম বেড়েছে। তাদেরও বেশি দামে চাল কিনতে হচ্ছে। এর সঙ্গে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।
তিনি জানান, বৃষ্টির আগে ৫০ কেজি ওজনের ২৯ জাতের চালের বস্তা বিক্রি হতো ২ হাজার ৪০০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়। একইভাবে ৫০ কেজি ২৮ জাতের চালের বস্তা আগে ২ হাজার ৬০০ টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে ৩ হাজার টাকা হয়েছে।
এ ছাড়া মিনিকেট, পাইজাম ও নাজিরশাইলসহ বিভিন্ন জাতের চালের দামও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
পোলাওয়ের খোলা চালের দামও বেড়েছে। আগে প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১৫০ টাকা। অন্যদিকে, প্যাকেটজাত পোলাওয়ের চাল ১৬০ টাকার পরিবর্তে বর্তমানে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী মো. রতন খান আরও বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে এলে এবং দাম কমে গেলে আমরাও কম দামে চাল বিক্রি করতে পারব।’
চালের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীল এসব পরিবারের সংসার চালাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে।

