মো. মফিদুল ইসলাম সরকার:
রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৬ পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ জন এবং মানবিক বিভাগ থেকে ৩ জনসহ মোট ৫০ জন পরীক্ষার্থী এ কলেজ থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
ফলাফল প্রকাশের পর রংপুর ক্যাডেট কলেজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এসএসসি পরীক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের অধ্যক্ষ কলেজের সব স্তরের কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক এবং সংশ্লিষ্ট ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন।
রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিকনির্দেশনা, কলেজ অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্ব ও দক্ষ পরিচালনা, উপাধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষক ও কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও উৎসাহ এবং সর্বোপরি অভিভাবকদের সহযোগিতা বিশেষ ভূমিকা পালন করে আসছে।
কলেজের অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ।
তিনি আরও বলেন, ক্যাডেটদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠন, খেলাধুলা এবং সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া হয়। এসব কার্যক্রম ক্যাডেটদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশেষ ভূমিকা পালন করে।

