মো. আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ।
জানা যায়, ফতেপুর ইউনিয়নের ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় এবারও উপজেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। এর আগে বিদ্যালয়টি টানা দুইবার উপজেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করে।
১৯৬৮ সালে ফতেপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী মরহুম সৈয়দ আলী চৌধুরী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মনোরম গ্রামীণ পরিবেশে ইউনিয়ন পর্যায়ে গড়ে ওঠা এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ৭২২ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের বিদ্যালয়ের ফলাফলে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আশা করছি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা আরও ভালো ফলাফল প্রত্যাশা করি।’
মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল বারী জানান, ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান ও ফলাফল অত্যন্ত ভালো। এ বছর ৭৯ দশমিক ৪৪ শতাংশ পাসের হার নিয়ে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় হয়েছে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া বিভাগীয় পর্যায়েও মদন উপজেলার সামগ্রিক পাসের হার ভালো বলে জানান তিনি।

