গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. হারুন উর রশিদের বদলি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বদলির আদেশ হলেও তিনি এখনও দায়িত্ব হস্তান্তর করেননি বলে অভিযোগ উঠেছে। এতে জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার স্মারক নং ৪৬.০০.০০০০.০০০.০৪২.১১.০০২১.২৪.১৬০১, তারিখ ২৩ জুলাই ২০২৬ অনুযায়ী যুগ্ম সচিব স্বাক্ষরিত এক আদেশে কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়। ওই আদেশে গাইবান্ধা জেলা পরিষদে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. হারুন উর রশিদকে জয়পুরহাট জেলা পরিষদে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, জয়পুরহাট জেলা পরিষদ থেকে বদলি হয়ে আসা উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ২৭ জুলাই ২০২৬ তারিখে পূর্বাহ্নে গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর যোগদানপত্র দিয়েছেন।
তবে অভিযোগ রয়েছে, বদলির আদেশ জারির পরও মো. হারুন উর রশিদ গাইবান্ধা জেলা পরিষদ থেকে দায়িত্ব হস্তান্তর করেননি। বরং তিনি বিভিন্ন মহলে তদবির চালিয়ে গাইবান্ধাতেই বহাল থাকার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, সরকারি আদেশ অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তার দায়িত্ব হস্তান্তর এবং নতুন কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া জরুরি। অন্যথায় জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে।
এদিকে, গাইবান্ধা জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে যোগদান করা উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলামকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
তবে এসব অভিযোগের বিষয়ে উপসহকারী প্রকৌশলী মো. হারুন উর রশিদের বক্তব্য জানা যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

