নিজস্ব প্রতিবেদক, পার্বতীপুর (দিনাজপুর):
ভারতের পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ভিসায় উচ্চতর ডিগ্রি নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জয় চন্দ্র সরকার (২৩)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবর্ত্যপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের বড় ছেলে জয় চন্দ্র সরকারের পরিবার তাদের সন্তানের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
তবে ভারত থেকে মোবাইল ফোনের মেসেঞ্জারে তার পরিবারকে এ ঘটনাকে আত্মহত্যা বলে জানানো হয়েছে। জানা গেছে, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে নিহত জয় চন্দ্র সরকারের ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জারে এক অজ্ঞাত ব্যক্তি তার বাবা রঞ্জিত সরকারকে জানান, তার ছেলে জয় চন্দ্র সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ভারতীয় অন্যান্য সূত্রের বরাত দিয়ে তার পরিবার জানায়, জয় চন্দ্র সরকারের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত থানায় আটক রাখা হয়েছে।
নিহতের বাবা রঞ্জিত চন্দ্র সরকার জানান, ২০২৪ সালে তার ছেলে জয় চন্দ্র সরকার স্টুডেন্ট ভিসায় ভারতের রাজধানী দিল্লির সারদা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হন। বিষয়টি তার মনঃপূত না হওয়ায় পরে ২০২৫ সালে তিনি পশ্চিমবঙ্গের কলকাতার অদূরে বারাসাতে অবস্থিত ব্রেইনওয়্যার ইউনিভার্সিটিতে (Brainware University) বিটেক সিএসই (B.Tech CSE) দ্বিতীয় বর্ষে ভর্তি হন। সেখানেই তিনি পড়াশোনা করছিলেন।
জয় চন্দ্র সরকারের আকস্মিক মৃত্যুতে পার্বতীপুর উপজেলার নিজ গ্রাম মন্মথপুর কৈবর্ত্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনার ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে থানায় নিহতের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

