মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সভা।
সোমবার দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন।
সভায় সদ্য সমাপ্ত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আগামী দেড় মাসের মধ্যে ক্লাবের নতুন সদস্যপদ প্রদান, দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং সঠিকভাবে ক্লাব পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আগামী ২০ আগস্টের মধ্যে জুলাই ২০২৬ পর্যন্ত বকেয়া সদস্য চাঁদা, মিডিয়া হাউসের ঘরভাড়া এবং ক্লাবের কাছে সদস্যদের কোনো দায়-দেনা থাকলে তা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি একটি অডিট ফার্মের মাধ্যমে দ্রুত ক্লাবের অডিট সম্পন্ন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় আরও বলা হয়, প্রেসক্লাব যশোর এবং কোনো কোনো ক্ষেত্রে যশোরের অভিভাবক ও ক্লাবের সদস্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে একটি ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল মিথ্যাচার চালিয়ে তাঁকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় সভায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে কঠোর সাংগঠনিক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

