সাদ্দাম হোসেন সাজ্জাদ:
কক্সবাজারের টেকনাফে যুবদের জীবনমান ও জীবিকার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে কোয়ার্টারলি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন অ্যান্ড কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেকনাফ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘ইয়ুথ লিড পিসবিল্ডিং’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও-আইএনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, মৎস্য অফিসের ফিল্ড অফিসার শহিদুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া অ্যাকশনএইডের সিনিয়র প্রোগ্রাম অফিসার শুভেন্দু বিশ্বাস, রাখাইন সম্প্রদায়ের গ্রামপ্রধান মংটিন অং, ইউপি সদস্য রাহামা আক্তার, ইউপি সদস্য মো. হাসেমসহ বিভিন্ন এনজিও ও আইএনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন জাবেদ ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দিন বুলু ও সাদ্দাম হোসেন সাজ্জাদ।
সভায় যুবদের জীবনমান উন্নয়ন, টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, শান্তি প্রতিষ্ঠায় যুবদের সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও সংহতি বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, “যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সৃষ্টি এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। টেকনাফের মতো বৈচিত্র্যময় এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
তিনি বলেন, “যুবদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির মাধ্যমে যুবদের স্বাবলম্বী করে তুলতে পারলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় যুবদের জন্য আরও বেশি দক্ষতা উন্নয়ন ও জীবিকাভিত্তিক কার্যক্রম গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং শান্তি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় যুবদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে যুবদের দক্ষতা ও জীবিকার সুযোগ বৃদ্ধি করা গেলে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।
মিটিংটি পরিচালনা করেন ইয়ুথ লিড পিসবিল্ডিং প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম।

