আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘন ঘন লোডশেডিং, বিনা অনুমতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভৌতিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মিটার রিডারদের ঘেরাও করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে মিটার রিডাররা দায়িত্ব পালনের জন্য বাঘরা বাজারে প্রবেশ করলে ব্যবসায়ীরা তাদের ঘেরাও করেন।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রতিদিন ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাদের ব্যবহৃত বৈদ্যুতিক বাতি, পাখা, ফ্রিজ ও এয়ার কুলারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হচ্ছে। রাতে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে থাকা ছেলে-মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্করা জ্বর, হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
তারা আরও অভিযোগ করেন, বিদ্যুৎ সরবরাহ না থাকলেও মাস শেষে তাদের হাতে অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাও ঘটছে।
ব্যবসায়ীরা বিনা অনুমতিতে মিটার বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা, ভৌতিক বিদ্যুৎ বিল বন্ধ করা এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এ সময় মিটার রিডাররা ব্যবসায়ীদের দাবির সঙ্গে সহমত পোষণ করেন। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন তারা।

