এফ, এম, এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৮/১৯ নম্বর পোল্ডারের উলুবুনিয়া মৌজায় উলুবুনিয়া নদীর অংশ ও সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। সরকারি সম্পত্তি উদ্ধারের দাবিতে এলাকাবাসী খুলনার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়ন পরিষদের সদস্য প্রশান্ত মণ্ডল ও তাঁর ভাই কুমারেশ মণ্ডল উলুবুনিয়া নদীর অংশ এবং পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি অবৈধভাবে দখল করে বহুতল পাকা ভবন নির্মাণ করেছেন।
এ ছাড়া শামুকপোতা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আটটি দোকানঘর ও একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ২০২৬ সালের জানুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হলে পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। তবে সেই নির্দেশ উপেক্ষা করে পরবর্তীতে নির্মাণকাজ সম্পন্ন করা হয়। বর্তমানে সেখানে বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি সেবার সংযোগও নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গত ৬ জুলাই বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল বলেও জানান এলাকাবাসী।
তাদের দাবি, দখলসংক্রান্ত এসএ ম্যাপ, গুগল ম্যাপের চিত্র ও আলোকচিত্রসহ বিভিন্ন প্রমাণ তাদের কাছে রয়েছে। তদন্তকারী কর্তৃপক্ষ চাইলে এসব প্রমাণ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তারা।
সরকারি সম্পত্তি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উলুবুনিয়া নদী ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখলের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
একই সঙ্গে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, প্রশাসনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নদীর প্রকৃত সীমানা পুনর্নির্ধারণ এবং ভবিষ্যতে সরকারি জমি দখল রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

