ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সিলগালা হোটেলেই চলছিল অনৈতিক কার্যক্রম, নারী-পুরুষসহ আটক ২০

Link Copied!

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় সিলগালা করে দেওয়া ‘অবকাশ’ নামের একটি অনিবন্ধিত আবাসিক হোটেলে অনৈতিক ও অবৈধ কার্যক্রমের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের তিনমাথা রেলগেট এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে ২০ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, তিনমাথা রেলগেটসংলগ্ন আদর্শ কলেজ গেট এলাকার ‘হোটেল অবকাশ’ নামের ওই আবাসিক হোটেলটির কোনো বৈধ নিবন্ধন নেই। অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছিল।

তবে হোটেল কর্তৃপক্ষ প্রশাসনের দেওয়া সিলগালা পাশ কাটিয়ে অন্য পাশে নতুন একটি পকেট গেট তৈরি করে। এরপর বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে গোপনে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের আসর চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা হোটেলটি ঘেরাও করেন। পরে জেলা প্রশাসন ও পুলিশের সদস্যদের নিয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় হোটেলের নতুন গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করেন অভিযান পরিচালনাকারীরা। দীর্ঘ সময় ধরে হোটেলের বিভিন্ন কক্ষ ও ছাদে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদ থেকে ১৪ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ২০ জনকে আটক করা হয়।

এ সময় সেখান থেকে মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম ও বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা আবু হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই হোটেলটিতে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছিল। প্রশাসন সিলগালা করার পরও তারা গোপনে এই কার্যক্রম চালু রাখে। আমরা শুধু সাময়িক অভিযান নয়, বরং এই অনৈতিক কর্মকাণ্ডের স্থানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

অভিযান শেষে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন অবৈধভাবে হোটেল পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত। নিবন্ধনহীন হোটেলটি সিলগালা করার পরও তা ভেঙে পুনরায় অবৈধভাবে চালু করায় ওই চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাকি ১৬ জনের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ। অনৈতিক কর্মকাণ্ড ও মাদক রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

Share with