কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ মো. হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার গাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. হাবিবুর রহমান কুমিল্লা সদর উপজেলার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
তিনি আরও জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।

